প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 August 2026, 14:08 ইং
যশোরে অবৈধ রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
যশোরে পৌরসভা ও ট্রাফিক পুলিশের অভিযানে অবৈধ রিকশা ও ইজিবাইক আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে রিকশা শ্রমিক ইউনিয়ন (৯৩৯)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শহরের বিপুলসংখ্যক রিকশা ও ইজিবাইক চালক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা আটককৃত রিকশা ও ইজিবাইক কোনো শর্ত ছাড়াই অবিলম্বে ফেরত দেওয়া, চালকদের বিরুদ্ধে চলমান অভিযান বন্ধ করা এবং বৈধ লাইসেন্স প্রদানের দাবি জানান।
রিকশা শ্রমিক ইউনিয়ন ৯৩৯-এর সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম কর্মসূচিতে নেতৃত্ব দেন।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, "রিকশা ও ইজিবাইক চালকেরা দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন। রিকশা আটক করায় শ্রমিকদের আয়ের পথ বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে তীব্র আর্থিক সংকটে পড়তে হচ্ছে। এর আগে প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা করে সমস্যার কথা বলা হলেও কেবল আশ্বাসই মিলেছে, কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।" দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
উল্লেখ্য, গত সোমবার (২৪ আগস্ট) যশোর পৌরসভা ও ট্রাফিক পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ রিকশা ও ইজিবাইক আটক করে।
অভিযানের বিষয়ে যশোর পৌরসভার প্রকৌশলী কামাল হোসেন জানান, শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ রিকশা ও ইজিবাইকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, "গত দুই দিনে অনেক চালককে সতর্ক করে যানবাহন ছেড়ে দেওয়া হলেও উচ্ছৃঙ্খলতা ও অসদাচরণের অভিযোগে কয়েকটি অবৈধ রিকশা ও ইজিবাইক আটক রেখে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ