প্রিন্ট এর তারিখঃ Aug 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 August 2026, 14:08 ইং
যশোর জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, শরীরে ক্ষতচিহ্ন

যশোর প্রতিনিধি:
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের অবহেলা, ভুল চিকিৎসা এবং ইন্টার্ন চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করানোর অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা। মৃত নবজাতকের মাথায় ব্লেডের কাটা দাগ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে বলে পরিবার দাবি করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের তাজমিরা (২০) প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষণা করে পরিবারের কাছে হস্তান্তর করে বলে স্বজনরা জানান।
তবে স্বজনদের দাবি, বাসায় নেওয়ার পথে শিশুর শরীরে নড়াচড়া দেখতে পেয়ে তাঁকে দ্রুত শহরের একটি বেসরকারি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে জীবিত বলে নিশ্চিত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে পুনরায় জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু জেনারেল হাসপাতালে পৌঁছানোর পথেই শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর স্বজনদের অভিযোগ, সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে অপেশাদার ও ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করানো হয়েছে। এতে চিকিৎসকদের অসাবধানতা ও অবহেলার কারণেই শিশুটির মাথায় ও শরীরে আঘাত লাগে এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবীর বাপ্পী জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা অবহিত হয়েছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে চিকিৎসায় কোনো প্রকার অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ