প্রিন্ট এর তারিখঃ Aug 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 August 2026, 07:14 ইং
যশোরে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ সাহেবজান বেডিংয়ের মালিকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক:
যশোরে সরকারি বরাদ্দ পাওয়া জমি দখলের চেষ্টা ও পরিবারকে উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে শহরের দড়াটানার ‘সাহেবজান বেডিং’-এর মালিক সামছুদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এর আগে ভুক্তভোগী আনোয়ার হোসেনের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সংবাদ সম্মেলনে শহরের রায়পাড়া ইসমাইল কলোনির বাসিন্দা মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে জানান, তারা তিন ভাই ও এক বোন ছোট থাকা অবস্থায় ভূমিহীন পরিবার হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে তাদের মা খোদেজা বেগমের নামে ৫ শতক জমি বরাদ্দ পান। জমিটি যশোর শহরের ইসমাইল কলোনী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত। বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা পরিবার নিয়ে ওই জমিতে বসবাস করে আসছেন।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, ২০১২ সালে বেজপাড়া আজিমাবাদ কলোনির আশিক নামের এক ব্যক্তি প্রথম ওই জমির মালিকানা দাবি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে সম্প্রতি দড়াটানার সাহেবজান বেডিংয়ের মালিক সামছুদ্দীনও জমিটি তাঁর দাবি করে তাদের পরিবারকে উচ্ছেদের নানা চেষ্টা চালাচ্ছেন। এই কাজে সামছুদ্দীনের ছেলে ওমর ফারুকসহ বেশ কয়েকজন যুক্ত থেকে তাদের নিয়মিত ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সামছুদ্দীন প্রভাব খাটিয়ে জমির ভুয়া খতিয়ান ও দলিল তৈরি করে বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তির জমি দখল করে রেখেছেন। এছাড়া বেজপাড়া, বকচর ও মুড়লী এলাকায় মামলা-হামলার মাধ্যমে অনেক অসহায় মানুষকে হয়রানি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি গত ৫ আগস্ট দড়াটানার কহিনুর বেকারিতে হামলা ও দখলের চেষ্টার পেছনেও সাহেবজান বেডিংয়ের মালিক সামছুদ্দীন জড়িত ছিলেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আনোয়ার হোসেন বলেন, জমির বৈধ মালিকানা ও অধিকার রক্ষায় তারা ইতোমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছেন। একই সঙ্গে বেআইনিভাবে জমি দখল ও উচ্ছেদের চক্রান্ত বন্ধে তারা স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অসহায় ও ভূমিহীন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি সাংবাদিকদের প্রতিও উদাত্ত আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যসহ এলাকাভিত্তিক বিভিন্ন ভুক্তভোগী বাসিন্দারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ