প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 August 2026, 17:28 ইং
যশোরে মশাল মিছিলের অভিযোগে মামলা, ৯ নেতাকর্মী কারাগারে

যশোর সদর উপজেলার রামনগর-মুড়লী এলাকায় মশাল মিছিল করার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় যৌথ অভিযানে গ্রেপ্তার পাঁচজন এবং পৃথক দুটি নাশকতা মামলায় গ্রেপ্তার আরও চারজনসহ মোট নয়জনকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে মামলাটি করেন। এতে যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু (দাতাল বাবু) এবং আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবুসহ নিবন্ধিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৩৩ জন নেতাকর্মীকে নামীয় আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রামনগর-মুড়লী এলাকায় একদল ব্যক্তি নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, আনুমানিক ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে মশাল মিছিল বের করেছেন।
এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দলীয় ও রাজনৈতিক স্লোগান দিচ্ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, উক্ত মশাল মিছিলের সার্বিক আয়োজনের নেপথ্যে ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
পরবর্তীতে পরিচালনা করা অভিযানে আটক হওয়া পাঁচজন এবং আগের দুটি পৃথক নাশকতা মামলায় গ্রেপ্তার আরও চারজনসহ মোট নয়জন আসামিকে আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাঁদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ