প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 August 2026, 08:21 ইং
ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপর ব্যাপক সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এবার তেহরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে এই আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রোববার প্রেসিডেন্সিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, "তারা আমাদের প্রস্তুতি দেখতে পেয়েছিল, তাই হামলার ব্যাপকতা সম্পর্কেও অবহিত ছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা শুরু করছি এবং সোমবার বিকেল থেকেই তা গড়াচ্ছে।"
এর আগে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে।
ট্রাম্প আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাঁকে আপাতত সামরিক পদক্ষেপে না যাওয়ার অনুরোধ জানান। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, "তারা মনে করে একটি চুক্তি নিশ্চিত হয়েছে। হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা হয়েছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও চুক্তি সম্পাদিত হবে। আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, তবে আমি মানুষ হত্যা করতে চাই না।"
তবে তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন বা চূড়ান্ত ফলাফলের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি সোমবারের আলোচনার নির্দিষ্ট স্থান বা কারা এতে অংশ নিচ্ছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এসব দাবিকে ‘নতুন মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়, সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ করা হয়নি।
অন্যদিকে, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি সংক্রান্ত আলোচনার অগ্রগতির কথা জানিয়েছে তেহরান। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির একটি আলোচনা বর্তমানে চূড়ান্তকরণের পথে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের অবসানের প্রতিশ্রুতি দিয়ে আসলেও, দু'দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে নতুন করে শুরু হতে যাওয়া এ আলোচনা কতটুকু কার্যকর হয়—সেদিকেই এখন নজর আন্তর্জাতিক বিশ্লেষকদের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ