প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 August 2026, 08:11 ইং
বিদায়ী জুলাইজুড়ে তুমুল বৃষ্টিপাত: আগস্টে তাপমাত্রা বৃদ্ধি ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

স্বপ্নভূমি ডেস্ক :
সদ্যবিদায়ী জুলাই মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট একাধিক লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সদ্য শুরু হওয়া আগস্ট মাসে সার্বিকভাবে বৃষ্টিপাতের এ ধারা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির আগস্ট মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি আগস্ট মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিক বৃষ্টি কম হলেও উজান থেকে আসা পানি এবং দেশের অভ্যন্তরে সাময়িক ভারী বর্ষণের প্রভাবে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনা করে জানা যায়, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই স্বাভাবিক অপেক্ষা অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৫৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৫১ শতাংশ, সিলেট বিভাগে ৩৭.৩ শতাংশ এবং ঢাকা বিভাগে ৩৩.৪ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। পুরো মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় গত ৮ জুলাই চট্টগ্রামে, যেখানে এক দিনেই ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বিদায়ী মাসে বঙ্গোপসাগরে মোট তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়।
আগস্ট মাসের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এ ছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগস্টে দেশের কোথাও কোথাও ১ থেকে ২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হতে পারে।
নদ-নদীর অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীর পানিপ্রবাহ সামগ্রিকভাবে স্বাভাবিক থাকলেও উজানের পাহাড়ি ঢল ও আকস্মিক ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য নদীসংলগ্ন এলাকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
পরবর্তী তিন মাসের (আগস্ট থেকে অক্টোবর) দীর্ঘমেয়াদি বিশ্লেষণে আবহাওয়া অফিস জানায়, সেপ্টেম্বর ও অক্টোবরেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হতে পারে। এ সময়ে সারাদেশে সামগ্রিকভাবে বজ্রপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ