প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 August 2026, 15:07 ইং
যশোরে আইনজীবী সমিতির বিধি লঙ্ঘন করে জামিন জালিয়াতির অভিযোগ: দুই আইনজীবীর বিরুদ্ধে লিখিত আবেদন

স্টাফ রিপোর্টার :
যশোর জেলা আইনজীবী সমিতির দুই সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলের পেশাগত আচরণবিধি লঙ্ঘন এবং জালিয়াতির মাধ্যমে সহকর্মীকে না জানিয়ে আসামি ছিনিয়ে নিয়ে জামিন করানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই আইনজীবী হলেন— অ্যাডভোকেট মাহমুদ কবীর কাকন এবং অ্যাডভোকেট মাহাবুব হোসেন সরকার।
এ ঘটনায় প্রতিকার ও বিচার চেয়ে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সংসদ-২০২৬ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট মুন্সী মোঃ মনজুরুল মাহমুদ (লিটু)।
অভিযোগ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার একটি মামলায় (মামলা নং-২৩, জি.আর নং-৭৭৫/২৪) গ্রেপ্তার হওয়া আসামি মোঃ মনিরুল ইসলামের আইনি সহায়তার জন্য তাঁর স্বজনরা প্রথমে অ্যাডভোকেট মুন্সী মোঃ মনজুরুল মাহমুদকে নিয়োগ দেন। তিনি গত ১০ জুন ২০২৬ তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরবর্তীতে ১৬ জুন তিনি জেলা ও দায়রা জজ আদালতে আসামির জামিনের জন্য 'মিস কেইস' (ক্রিমিনাল মিস কেস নং-১২৭১/২০২৬) দায়ের করেন। ৩০ জুন শুনানির দিন ধার্য হলে তিনি সময়ের আবেদন করেন এবং আদালত পরবর্তী শুনানির দিন ১৬ জুলাই নির্ধারণ করেন।
তবে নির্ধারিত শুনানির আগেই ভুক্তভোগী আইনজীবী জানতে পারেন যে, তাঁর নিযুক্ত ওই আসামি ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে তিনি সদর জি.আর.ও সেরেস্তা ও সিনিয়র জেলা ও দায়রা জজ সেরেস্তায় খোঁজ নিয়ে জানতে পারেন চাঞ্চল্যকর তথ্য।
অভিযোগে বলা হয়েছে, পূর্বে নিযুক্ত আইনজীবীকে না জানিয়ে, কোনো অনাপত্তিপত্র (NOC) বা সম্মতি না নিয়েই অ্যাডভোকেট মাহমুদ কবীর কাকন ও মাহাবুব হোসেন সরকার গত ১৫ জুন বেআইনিভাবে নতুন ওকালতনামা ও জামিনের আবেদন জমা দেন। এমনকি পূর্বের মামলা ও আইনজীবীর তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে তাঁরা আসামির জামিন মঞ্জুর করান।
ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট মুন্সী মোঃ মনজুরুল মাহমুদ বলেন, "একজন আসামির পক্ষে পূর্বের আইনজীবী বহাল থাকা অবস্থায় তাঁকে না জানিয়ে অন্য কোনো আইনজীবীর ওকালতনামা জমা দেওয়া পেশাগত আচরণের চরম পরিপন্থী। এটি একটি জালিয়াতি, যা আইনজীবী সমিতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।"
এ বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দুই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবীসহ সমিতির সাধারণ সদস্যরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ