প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 August 2026, 08:57 ইং
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩ জন আটক, উদ্ধার সরকারি পোশাক-ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র
নিজস্ব প্রতিবেদক:
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে যশোর শহর থেকে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো শার্শা উপজেলার গোগা গাজীপাড়ার আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), হরিশচন্দনপুর গ্রামের পূর্বপাড়ার কাশেম আলীর ছেলর আনারুল ইসলাম (৩২) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)।
ডিবি সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের ষষ্ঠীতলায় রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালান।
অভিযানের সময় ঘরের দরজা খুলে একজন নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরে থাকা আরও দুজনও একই পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে তারা স্বীকার করেন বিজিবির সদস্য নয়। আটককৃতরা বিজিবির সরকারি পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তল্লাশিকালে একটি বস্তার ভেতর থেকে বিজিবির এক সেট সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি গ্রাইন্ডার (লোহা কাটার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।
ডিবি জানিয়েছে, উজ্জল হোসেনের বিরুদ্ধে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ