প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 August 2026, 09:10 ইং
যশোরে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা পৌর সাধারণ হাটের শতাধিক দোকানপাট রক্ষা ও হাজার হাজার মানুষের জীবিকা সুনিশ্চিত করতে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার (১ আগস্ট) দুপুর ১টায় প্রেসক্লাব যশোরের সামনে চৌগাছা কাঁচাবাজার ইজারাদার ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এক ঘণ্টা ব্যাপি মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চৌগাছা মডেল মসজিদ নির্মাণের জন্য স্থানীয় ৬৮১ নম্বর দাগের ৪৮ শতক জমি নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত এই জমিতে মসজিদ নির্মিত হলে চৌগাছা পৌর সাধারণ হাটের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলতে হবে। এতে প্রায় ১০০ জন দোকান মালিক এবং তাঁদের ওপর নির্ভরশীল তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা এসব ক্ষুদ্র ব্যবসায়ী এক লহমায় নিঃস্ব হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ অবস্থায় জনস্বার্থ ও ব্যবসায়ীদের সুরক্ষার কথা বিবেচনা করে কপোতাক্ষ নদের তীরে বিকল্প স্থানে মডেল মসজিদ নির্মাণের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একই মালিকানাধীন ৬৫৩ নম্বর দাগে কপোতাক্ষ নদের তীরে প্রায় ৪৯ শতক জমি রয়েছে। ওই জমি থেকে ৪৮ শতক জায়গা বরাদ্দ দিয়ে নদের পাড়ে মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশে মডেল মসজিদ নির্মাণ করা সম্ভব। এতে একদিকে যেমন কপোতাক্ষের তীরে চমৎকার ধর্মীয় পরিবেশ গড়ে উঠবে, অন্যদিকে রক্ষা পাবে চৌগাছার ঐতিহ্যবাহী কাঁচাবাজার, হাট এবং স্থানীয় ব্যবসায়ীদের জীবিকার শেষ সম্বল।
ব্যবসায়ীদের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে এবং ঐতিহ্যবাহী কাঁচাবাজার রক্ষায় অবিলম্বে বিকল্প স্থানে মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ