প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 July 2026, 14:30 ইং
যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার ব্যাটালিয়নের আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৭ বোতল বিদেশী মদ, ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ সিরাপ, ১৫টি শাড়ী, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট এবং ২৩৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্র রোধে দীর্ঘদিন ধরে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, বিজিবির নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই চালান আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ