নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছা কাঁচা বাজারের উচ্ছেদ বা হয়রানি না করতে তিন মাসের জন্য স্থিতাবস্থা (স্ট্যাটাস-কো) বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ আর্দেশ জারি করেন হাইকোট। বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারী আনিছুর করা এ মামলায় রায় দিয়েছেন হাইকোর্ট।
আদালত সূত্রে জানা গেছে, চৌগাছা কাঁচা বাজারের হাইস্কুল রোডে অবস্থিত ৪৯ নম্বর বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারী আনিছুর সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
রিট আবেদনে বলা হয়, চৌগাছা মৌজার আরএস খতিয়ান নং-২৩ ও আরএস দাগ নং-৬৮১-এর জমিতে বৈধ ভাড়া ও দখল চুক্তির ভিত্তিতে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। ওই চুক্তির মেয়াদ ১ জুলাই ২০৪২ সাল পর্যন্ত কার্যকর রয়েছে। কিন্তু চুক্তির মেয়াদ বহাল থাকা সত্ত্বেও তাকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলে তিনি আদালতের শরণাপন্ন হন।
গত ৬ জুলাই বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিটের শুনানি শেষে আবেদনকারীর দখল ও অবস্থার বিষয়ে তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রশিদ টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের আনুষ্ঠানিক আদেশ নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আবেদনকারীকে উচ্ছেদ, দখলে বাধা সৃষ্টি বা হয়রানি করা যাবে না।