প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 July 2026, 15:07 ইং
যশোর শহরে খালের তীব্র স্রোতে ভাঙন: ঝুঁকিতে ৩০টি পরিবার

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের নীলগঞ্জ সাহা পাড়া খালপাড় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। খালের পানির প্রবল স্রোতে খালের ভেতরের বালি ও মাটি সরে যাওয়ায় অন্তত ৩০টি বসতবাড়ি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যেই বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে এবং কোনো কোনোটির অংশবিশেষ ভেঙে পড়েছে। যেকোনো মুহূর্তে পুরো বাড়ি ধসে পড়ার আশঙ্কায় পরিবারগুলো এখন চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, খালের তীব্র স্রোত তাদের পায়ের নিচের মাটি কেড়ে নিচ্ছে। ঘরবাড়িতে ফাটল ধরায় তারা রাতে ঘুমাতে পারছেন না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ভয়ে তারা চরম আতঙ্কে ও মানবেতর জীবন যাপন করছেন। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দা মহসিন আলী, খায়ের আলী, মোঃ কাজী বাবু, গাজী বাপ্পি, বেবি আক্তার, সোনালী, আব্দুল মালেক ও রহিমা খাতুনসহ অন্তত ৩০টি পরিবার এই মুহূর্তে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে ওই এলাকার জামায়াতের কাউন্সিলর প্রার্থী শেখ আহমদ আলী মুকুল বলেন,
"খালপাড়ের এই মানুষগুলো অত্যন্ত অসহায়। তারা অনেক কষ্ট করে মাথার গোঁজার ঠাঁই হিসেবে এই ঘরবাড়িগুলো তৈরি করেছিলেন। কিন্তু বর্তমানে খালের স্রোতে মাটি সরে যাওয়ায় বাড়িগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় এগুলো ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি এই সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য যশোর পৌরসভা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দাবি জানান, দ্রুত খালের ভেতরের ময়লা ও মাটি পরিষ্কার করে খালের দুই পাশে টেকসই বাঁধ নির্মাণ করা হোক, যাতে সাধারণ মানুষের ঘরবাড়ি ও জীবন রক্ষা পায়।
ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পরিবারগুলো এখন প্রশাসনের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ