প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 July 2026, 14:33 ইং
অভয়নগরে পানিবন্দি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে পানিবন্দি দুই শতাধিক অসুস্থ মানুষকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বুড়োর দোকান এলাকায় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, মেডিক্যাল অফিসার ডা. ইউনুচ আলী ও ডা. নাসিফ সাঈদ চিকিৎসাসেবা প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের তিন শতাধিক পরিবার দুই মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘদিন পানিবন্দি থাকায় তারা চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। স্বাস্থ্যঝুঁকি কমাতে দুর্গত এলাকার দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ