প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 July 2026, 09:06 ইং
যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ: ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের অধিকার নিশ্চিত সম্ভব নয়

স্টাফ রিপোর্টার :
ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল লক্ষ্য বলে ঘোষণা করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে যশোরের বিডি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলার উদ্যোগে আয়োজিত এক ‘দায়িত্বশীল সমাবেশে’ নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য আব্দুল মালেক খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, "প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একমাত্র ইসলামী শ্রমনীতিই পারে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক তৈরি করে শ্রমিকের ঘামের সঠিক মূল্য দিতে।" বিগত সরকারগুলোর তীব্র সমালোচনা করে তিনি বলেন, "দেশ স্বাধীনের পর আমরা প্রায় ৫৫ বছর পার করছি। এদেশে যখন যারা ক্ষমতায় আসেন, তারা শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু বাস্তবে বিগত ৫৫ বছরে বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সরকারকে আন্তরিক পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকার আসে, সরকার যায়, নীতি বদলায়, বাজেট আসে-যায়; অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না।"
কৃষি শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, "পার্লামেন্টে যখন বলা হয় বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, তখন মন্ত্রীরা ভুলে যান যে এদেশের কৃষি শ্রমিকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি বজ্রপাতে প্রাণ দিয়ে এই ফসল ফলিয়েছেন। সরকার বাহবা নিলেও কৃষকদের প্রকৃত সম্মান দেওয়া হচ্ছে না।" তিনি শোষণমুক্ত সমাজ ও ইনসাফের রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মাঠে-ময়দানে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "শ্রমিকদের যেকোনো অসুস্থতা, দুর্ঘটনা, পারিবারিক সমস্যা এবং প্রশাসনিক প্রয়োজনে আমাদের পাশে দাঁড়াতে হবে। সামাজিক কাজের মাধ্যমে প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে পারলে শ্রমিক সংগঠন আরও শক্তিশালী হবে এবং জনগণের সাথে বন্ধন মজবুত হবে।"
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন ও গোলাম কুদ্দুস এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা।
এছাড়াও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, যশোর জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সদস্য রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, আশিকুল্লাহ এবং মনিরুজ্জামান। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে যশোর জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ