প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 July 2026, 12:00 ইং
জাল সনদে চাকরি: শার্শায় শিক্ষক কারাগারে, সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

স্টাফ রিপোর্টার :
জাল সনদে দীর্ঘ এক দশক ধরে চাকরি করার মামলায় যশোরের শার্শার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সাথে মামলার অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) শুনানি শেষে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এই আদেশ দেন।
মামলার বিবরণীতে জানা যায়, কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সহযোগিতায় অভিযুক্ত শিক্ষকরা জাল সনদে চাকরিতে যোগদান করেন। ২০১৫ সালে জালিয়াতির বিষয়টি জানতে পেরে আদালতে মামলা দায়ের করেন কায়বা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস। তবে আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে মামলাটির আইনি প্রক্রিয়া থমকে ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাদী মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেন।
পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডি পুলিশকে দায়িত্ব দেয়। সিআইডি পুলিশের দীর্ঘ তদন্তে শিক্ষকদের সনদটি সম্পূর্ণ জাল বলে প্রমাণিত হলে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আজ বৃহস্পতিবার মামলার নির্ধারিত ধার্য দিনে শিক্ষক ইদ্রিস আলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অপর তিন পলাতক আসামি হলেন— শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষিকা সালেহা খাতুন এবং জালিয়াতির মূল সহযোগী সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু। আদালত আজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারির আদেশ দিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ