প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 July 2026, 13:30 ইং
যশোরে আইনজীবীর দাপটে ‘গৃহবন্দি’ অসহায় পরিবার, মেলেনি প্রতিকার
স্টাফ রিপোর্টার :
যশোর শহরের নিউ বেজপাড়া (তালতলা কবরস্থান রোড) এলাকায় আদালতের রায় ও পৌরসভার ম্যাপ অমান্য করে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী আইনজীবীর বিরুদ্ধে। এর ফলে গত মে মাস থেকে একটি অসহায় পরিবার কার্যত ‘গৃহবন্দি’ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
ভুক্তভোগী মৃত খুরশীদ আলমের স্ত্রী শবনম বেগম জানান, বিগত ৬০ বছর ধরে এলাকাবাসীর ব্যবহৃত ১২ ফুট প্রশস্ত সরকারি রাস্তাটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন প্রতিবেশী অ্যাডভোকেট শহীদ আনোয়ার পাভেল ও তার সহযোগীরা। গত ২১ মে ২০২৬ তারিখে অভিযুক্তরা দলবল নিয়ে শবনম বেগমের বাড়ির মেইন গেটের সামনে ঘ্যাস (ইটের খোয়া/বালু) ফেলে ও অবৈধ দেয়াল নির্মাণ করে চলাচলের একমাত্র পথটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয়। বাধা দিলে ‘আইনজীবী’ পরিচয়ের দাপট দেখিয়ে খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
যশোর পৌরসভা কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে উক্ত স্থানটিকে ‘জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা’ হিসেবে নিশ্চিত করেছে। এছাড়া ‘যশোর মানবাধিকার উন্নয়ন উদ্যোগ ফাউন্ডেশন’ তাদের তদন্তে রাস্তার পক্ষে সত্যতা পেয়েছে।
ভুক্তভোগী পরিবারটি অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেতে কোতোয়ালী মডেল থানা, যশোর পৌরসভার প্রশাসক এবং যশোর জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বা কার্যকর প্রতিকার পায়নি। একজন আইন পেশার মানুষের এমন অমানবিক ও বেআইনি কর্মকাণ্ডে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় থাকা পরিবারটি এই সংকট থেকে উত্তরণে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ