নিজস্ব প্রতিবেদক:জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ (NAFC)-এর উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বনায়নের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল আনাম আজাদ, সাংবাদিক মনিরুজ্জামান মুনির, সাবেক সভাপতি, নবচেতনা মো: মিলন শেখ, প্রধান সমন্বয়কারী, নবচেতনা রাকিব উদ-দৌলা শুভ্র, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব আতাউল্লাহ সাইদ সহ সংগঠনের সবুজপ্রেমী স্বেচ্ছাসেবকীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে হলে স্কুল পর্যায় থেকেই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, টেকসই ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে।