নিজস্ব প্রতিনিধি:
"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের যৌথ উদ্যোগে আজ সোমবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে শিশুশ্রম বন্ধ করা অত্যন্ত জরুরি। কেবল আইনের প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও মানসিকতার পরিবর্তনই পারে সমাজ থেকে শিশুশ্রম নির্মূল করতে। আমাদের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করে একটি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।