প্রিন্ট এর তারিখঃ Jun 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 June 2026, 06:48 ইং
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন, চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা কোর্স

নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভবন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বাবা-মা ঠিক যেভাবে স্নেহ, আদর, ভালোবাসা ও শাসনের মাধ্যমে সন্তানকে বড় করেন; শিক্ষক-শিক্ষিকামণ্ডলীও ঠিক একইভাবে শিক্ষার্থীদের গড়ে তুলবেন—এটিই আজকের মূল বার্তা।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিশেষ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলায় মেয়েদের সম্পৃক্ততা আরও বাড়ানো হবে। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আন্তর্জাতিক বৃত্তির সুযোগ সুগম করতে এই স্কুল থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা কোর্স চালু করার ঘোষণা দেন তিনি।
নারীবান্ধব শিক্ষানীতির স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, "১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া এবং মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল। পরবর্তীতে তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত তা অবৈতনিক করেন। যার ফলে আজ মেয়েরা জিপিএ-৫ কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষাসহ সর্বক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে যাচ্ছে।"
এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, "যারা ভালো ফলাফল করবে এবং আগামীতে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (অনার্স) পর্যায়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য শিক্ষা অবৈতনিক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।" এছাড়া অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আওতা আরও সম্প্রসারিত করা হবে বলেও তিনি জানান।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, স্কুলের খেলার মাঠের উন্নয়ন এবং অডিটোরিয়াম নির্মাণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এছাড়াও স্কুলের লাইব্রেরি ও কম্পিউটার ল্যাবকে আধুনিক রূপ দিতে নিয়মিত ফান্ডে কোনো সীমাবদ্ধতা থাকলে, তা সরাসরি জেলা প্রশাসককে জানানোর জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেন তিনি।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ