প্রিন্ট এর তারিখঃ Jun 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 June 2026, 11:05 ইং
যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে সারা দেশের জন্য 'মডেল' করতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্বপ্নভূমি ডেস্ক :
যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে দেশের জন্য একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। তিনি বলেছেন, অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করতে হবে, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভাও অনুসরণ করতে পারবে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত ‘যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক’ এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় যশোর পৌরসভার চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের অডিট সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বিদ্যমান প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি বাউন্ডারি ওয়াল, ইটিপি (Effluent Treatment Plant), প্রয়োজনীয় বাজেট এবং শতভাগ কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে এখন থেকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রকল্পসমূহের পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা, পরিবেশগত প্রয়োজন এবং স্থানীয় চাহিদাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, কনসালটেন্ট সংস্থা 'দি স্কেট লিমিটেড' ও 'ওয়েস্ট কনসার্ন'-এর প্রতিনিধি এবং স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ