প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 June 2026, 01:48 ইং
যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আজ শনিবার শহরের নব কিশলয় স্কুলে বন বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান।
একই দিন যশোর পৌরসভার উদ্যোগেও ছয় মাস মেয়াদী আরও একটি এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান বলেন, "আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে আমরা যশোর জেলায় এ কার্যক্রম শুরু করেছি। আমরা প্রত্যেকটি বিদ্যালয়ের অঙ্গনকে সবুজের সমারোহে ভরিয়ে তুলতে চাই। সরকারের প্রত্যেকটি দপ্তর এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে।"
তিনি আরও বলেন, "জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া ও আবহাওয়ার চরমভাবাপন্নতা থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ আমরা এখানে বেশ কিছু ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণ করেছি। একই সাথে কোমলমতি শিক্ষার্থীদের হাতেও চারা তুলে দেওয়া হয়েছে, যাতে তারা এগুলো নিজেদের বাড়িতে বা আঙিনায় রোপণ ও পরিচর্যা করতে পারে। এভাবে প্রতিটি শিশু যদি বৃক্ষের পরিচর্যা শেখে, তবে আমরা পরিবেশগত বিপর্যয় থেকে পরিত্রাণ পাব।"
নব কিশলয় স্কুলের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশারফ হোসেন, সামাজিক বন অঞ্চল যশোরের হারুন অর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, রেঞ্জ কর্মকর্তা এম এম মিজানুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এদিকে পরিবেশ সুরক্ষায় যশোর পৌরসভার উদ্যোগে ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক রফিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন: যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি, ও সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, নির্বাহী কর্মকর্তা
জায়েদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনায় অন্তত দু'টি করে গাছ লাগানোর আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ