নিজেস্ব প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ভাড়া বাসায় সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই ব্যবসায়ীর ঘর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এলাকায় এই ঘটনা ঘটে। আজ রোববার (৭ জুন) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ হোসেন (৪০) লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন। সোহাগ হোসেন বড়আঁচড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সোহাগ হোসেন জানান, গত শুক্রবার রাতে তিনি অফিস থেকে ফিরে পরিবারের সদস্যদের নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর বাসার সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা তাঁর ঘর লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেয়ালে আঘাত করে।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পূর্বের একটি ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার পর থেকে তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও সরকারের কাছে পরিবার নিয়ে শান্তিতে বেঁচে থাকার অধিকার ও ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, ঘটনার রাতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে গুলির খোসা উদ্ধার করেছে। এই ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।