প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 June 2026, 11:19 ইং
স্বস্তির বৃষ্টিতে প্রাণ ফিরে পেল যশোর

স্টাফ রিপোর্টার :
কয়েকদিন ধরে তীব্র ভ্যাপসা গরম ও অসহনীয় আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিল যশোরের জনজীবন। প্রচণ্ড রোদ, উচ্চ তাপমাত্রা ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছিল দুর্বিষহ। অবশেষে আজ শনিবার বিকেলে নেমে এসেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। দীর্ঘদিনের তীব্র গরমের পর স্বস্তির এই বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে যশোরের জনজীবন।
আজ শনিবার (৬ জুন) বিকেল প্রায় ৩টার দিকে যশোরের পশ্চিম আকাশে হঠাৎ করেই ঘন কালো মেঘের আনাগোনা শুরু হয়। মুহূর্তের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে আসে। এরপরই বইতে শুরু করে শীতল বাতাস এবং সেই সাথে শুরু হয় ঝিরঝির বৃষ্টি। বৃষ্টির সাথে আসা ঠান্ডা বাতাসে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও অল্প সময়ের মধ্যেই বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়।
একপর্যায়ে আকাশ ভেঙে নেমে আসে ভারী বর্ষণ। বড় বড় ফোঁটার বৃষ্টিতে ভিজে যায় শহরের প্রধান সড়ক, অলিগলি ও খোলা প্রান্তর। দীর্ঘ সময় ধরে চলা এই বৃষ্টিতে চারপাশের ধুলাবালি ধুয়ে-মুছে সাফ হয়ে যায়, একই সাথে কেটে যায় গরমের ক্লান্তি। বৃষ্টি নামার পর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন যশোরবাসী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ