প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ 06 June 2026, 01:05 ইং
চৌগাছা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের চৌগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সহ-সম্পাদক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি এলাকায় অন্যান্যদের সঙ্গে নিয়ে সরকারবিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক আরিফুল ইসলাম চৌগাছা উপজেলার গুয়াতলী গ্রামের মৃত মঈনুদ্দীন খানের ছেলে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আরিফুল ইসলামসহ আরও কয়েকজন চৌগাছায় সরকারবিরোধী কর্মসূচি পালনের গোপন পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় এবং ঘটনাস্থল থেকে আরিফুলকে আটক করে। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ওসি আরও জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
স্থানীয় সূত্র জানায়, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকার ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে নিজ এলাকায় খুব একটা দেখা যায়নি। দীর্ঘদিন পর হঠাৎ এলাকায় তার আগমন এবং পুলিশি অভিযানে আটক হওয়ার ঘটনাটি নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ