প্রিন্ট এর তারিখঃ Jun 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 June 2026, 10:57 ইং
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় নতুন সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’

স্বপ্নভূমি ডেস্ক :
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামে সম্পাদকদের একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দৈনিকের সম্পাদকদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রবীণ সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর (সম্পাদক, নয়া দিগন্ত), হাসান হাফিজ (সম্পাদক, কালের কণ্ঠ), আবদুল হাই শিকদার (সম্পাদক, যুগান্তর), মারুফ কামাল খান সোহেল (সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ), আযম মীর শাহীদুল আহসান (সম্পাদক, সংগ্রাম), মোকাররম হোসেন (সম্পাদক, নিউ নেশন), শফিকুল আলম (সম্পাদক, ওয়াদা), শহীদুল ইসলাম (সম্পাদক, মানব কণ্ঠ), শান্তনু ইসলাম সুমিত (সম্পাদক, লোকসমাজ), ওসমান গনি মনসুর (সম্পাদক, ডেইলি পিপলস ভিউ) এবং মুকতাবিস উন নূর (সম্পাদক, জালালাবাদ)।
বৈঠকে উপস্থিত সম্পাদকেরা একমত পোষণ করে বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের শাসনামলে বাংলাদেশের সংবাদমাধ্যমের ভেতরে যে চরম অবক্ষয় ঘটেছে, তার চিরতরে অবসান ঘটাতেই এই নতুন সংগঠন তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সংগঠনের প্রথম বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিলের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে খুব শিগগিরই জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি ‘জাতীয় কনভেনশন’ আয়োজনের ঘোষণা দিয়েছে নবগঠিত এই কাউন্সিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ