প্রিন্ট এর তারিখঃ May 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 May 2026, 13:04 ইং
ঝিকরগাছায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিকরগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই ঈদের মূল শিক্ষা। সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিছার উদ্দিন, অ্যাডভোকেট হাবিব কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর-সেক্রেটারিবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ জানান, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৫০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা ঈদ আনন্দ স্বাচ্ছন্দ্যের সঙ্গে উদযাপন করতে পারেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ