প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 May 2026, 06:23 ইং
ঝিকরগাছায় মাদ্রাসার অফিস সহায়ক পদে নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
নিজেস্ব প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাকরি প্রার্থী ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে দিপু সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিপু জানান, গত ৫ এপ্রিল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৫ দিনের মধ্যে আবেদন করার কথা উল্লেখ ছিল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পোস্টাল অর্ডারসহ মাদ্রাসায় আবেদনপত্র জমা দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। পরে জমা নেওয়ার আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে আবার আবেদনপত্র জমা দিতে গেলে কোনো কারণ ছাড়াই তা গ্রহণে অস্বীকৃতি জানানো হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, মাদ্রাসা কর্তৃপক্ষ মাত্র চারজন প্রার্থীর আবেদন গ্রহণ করেছেন। স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, মোটা অংকের টাকার বিনিময়ে পূর্বনির্ধারিতভাবে জনৈক সজিব নামে একজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে।
দিপু বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু নিয়োগে অনিয়ম নয়, বরং যোগ্য প্রার্থীদের সাংবিধানিক ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। তিনি নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ কার্যক্রম বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবেদন গ্রহণের দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ