প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 18 May 2026, 05:36 ইং
যশোরের ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’–এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি টিম।
আটক শাহ মাহমুদ নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে।
পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে 'আনিস প্লাজা' নামে একটি বহুতল মার্কেট ও বাসা বাড়ী রয়েছে। শাহ মাহামুদ ‘ওই মার্কেট ও বাসাবাড়ীতে একটি বাসা ভাড়া নিতে চান। কিন্তু আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরে শাহ মাহামুদ গত ৬ মে সন্ধ্যা ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওইদিন রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। হত্যার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
এদিকে এ হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও বিচার দাবিতে আন্দোলন শুরু করে বন্দর কেন্দ্রীক ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে পুলিশের একাধিক টিম হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মুকিত নামে এক আইনজীবীর সহায়তায় ঘাতক শাহ মাহমুদ ভারতে পালানোর ছক কষছিলো। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় এনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই বাসা থেকে শাহ মাহমুদকে গ্রেফতার করা হয়। সে হত্যার সাথে জড়িত থাকার কথা ও আইনজীবী মুকিতের সহায়তায় ভারতে পালানোর প্রক্রিয়ার কথা স্বীকার করে।
এ বিষয়ে জানতে চাইলে ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, বিস্তারিত পরে জানানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ