প্রিন্ট এর তারিখঃ May 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ 17 May 2026, 12:34 ইং
সংযুক্ত আরব আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবু ধাবিতে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির একটি অংশে অগ্নিকাণ্ড ঘটলেও কোনো হতাহত বা তেজস্ক্রিয়তা ছড়ানোর মতো ঘটনা ঘটেনি। রোববার আবু ধাবির আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
আবু ধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘‘আবু ধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলা চালানো হয়। হামলার পরপরই সেখানে আগুন ধরে গেলেও জরুরি সাড়াদানকারী দল দ্রুততার সাথে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।’’
কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। একই সাথে কেন্দ্রের মূল পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা কিংবা ওই এলাকার তেজস্ক্রিয়তার মাত্রায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি।
সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রণ বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে আশ্বস্ত করে জানিয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরঞ্জাম সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজ করছে এবং বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়নি।
তবে এই ড্রোন হামলার পেছনে কে বা কোন গোষ্ঠী জড়িত, সে বিষয়ে আমিরাত প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করা হয়নি।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত এর আগেও একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইতিপূর্বে দেশটির জ্বালানি ও সামুদ্রিক অবকাঠামো লক্ষ্য করে চালানো কিছু হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করেছিল আমিরাত কর্তৃপক্ষ। সর্বশেষ এই হামলার পর অঞ্চলটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সূত্র: এএফপি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ