প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 May 2026, 15:26 ইং
দালালের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২০ নারী ও শিশু বেনাপোল দিয়ে ফেরত

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার (১৩ মে, ২০২৬) বিকেলে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর ছাড়পত্রের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসাদের মধ্যে অধিকাংশই শিশু। তারা উন্নত জীবনের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে ভারতের সরকারি শেল্টার হোমে চিকিৎসাধীন ও হেফাজতে ছিল। দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘ যোগাযোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে তারা নিজ দেশে ফেরার অনুমতি পায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ফেরত আসা নারী ও শিশুদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংস্থা 'জাস্টিস অ্যান্ড কেয়ার', 'রাইটস যশোর' এবং 'বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি' তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, তাদের নিজস্ব হেফাজতে নিয়ে স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেরত আসাদের মধ্যে নড়াইল, সাতক্ষীরা, নওগাঁ, খুলনা, যশোর, বাগেরহাট, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রাম জেলার ২০ জন নারী ও শিশু রয়েছে। যার মধ্যে সাতক্ষীরা জেলার ৯ জন এবং খুলনার ৩ জনসহ কুড়িগ্রাম, যশোর ও নড়াইলের বেশ কয়েকজন রয়েছে। দীর্ঘ বন্দিজীবন শেষে পরিবারের কাছে ফেরার খবর পেয়ে এদের চোখেমুখে আনন্দের ছাপ লক্ষ্য করা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ