প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 13 May 2026, 10:34 ইং
ফেনসিডিল মামলায় বেনাপোলের চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোলে বহুল আলোচিত ফেনসিডিল মামলার রায়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মামনি খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে, ২০২৬) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ আদালত) এর বিচারক মোসাঃ ফৌজিয়া হাফসা এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মামনি খাতুন বেনাপোলের বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড় আচড়া এলাকায় মামনি খাতুনের বাড়িতে অভিযান চালায় বিজিবি। তল্লাশিকালে তার বসতবাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের খাটের নিচ থেকে বস্তাভর্তি ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্ত শেষে বেনাপোল থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন আসামি মামনি খাতুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, এই রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ