প্রিন্ট এর তারিখঃ May 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 May 2026, 08:16 ইং
৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাপস কুমার সেন (৩৩) ও স্টার সরদার (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার (১০ মে) রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের গলাচিপার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক তাপস কুমার সেন উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের মৃত গোপাল চন্দ্র সেনের ছেলে ও স্টার সরদার একই গ্রামের হুমায়ন কবির সরদার ওরফে মিলুর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (১১ মে) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘রবিবার রাত সাড়ে ৯টার দিকে শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিনের নের্তৃত্বে ইছামতি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের এক পর্যায়ে গলাচিপা মোড় সংলগ্ন টিটুল শিকদারের দোকানের সামনে থেকে ৪০০পিস (চারশত) ইয়াবা ট্যাবলেটসহ তাপস কুমার সেন ও স্টার সরদার নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ১০০সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।’
ওসি আরো বলেন, ‘আটক দুই মাদক কারবারি বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক, অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ