প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 May 2026, 09:19 ইং
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১
স্টাফ রিপোর্টার :
যশোরে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় একটি কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের হেলপার রায়হান গুরুতর আহত হয়েছেন।
নিহত চালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭৮৩৬) ভাঙ্গাগেট এলাকায় আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিলো। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মনোয়ার হোসেন প্রাণ হারান। আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এলাকাবাসীর অভিযোগ, ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় চালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি।
অভয়নগর থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ওই রুটে কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ