প্রিন্ট এর তারিখঃ May 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 May 2026, 14:04 ইং
ভারত থেকে এলো বিস্ফোরক দ্রব্য: বেনাপোল বন্দরে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উন্নয়ন কাজের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে তিনটি ভারতীয় ট্রাকে করে এই বিস্ফোরকের চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বর্তমানে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বিস্ফোরকগুলো বন্দরের নির্ধারিত শেডে সংরক্ষণ করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত চালানের মধ্যে রয়েছে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান 'কেলটেক এনার্জিস লিমিটেড' এসব বিস্ফোরক সরবরাহ করেছে।
বিস্ফোরক দ্রব্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর পুলিশি পাহারায় আগামী শুক্রবার (৮ মে) এই বিস্ফোরকগুলো দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, "বিস্ফোরকের এই চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার সঙ্গে বন্দরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সকল সংস্থার তত্ত্বাবধানে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল মেনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যথাযথ পুলিশি পাহারায় এটি গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ