প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 May 2026, 12:24 ইং
যশোরে নবাগত আইনজীবীদের সংবর্ধনা : সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান
নিজেস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে যশোর জেলা আইনজীবী সমিতিতে নবযোগদানকৃত আইনজীবীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর জেলা আইনজীবী সমিতি ভবন-১-এর হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট গাজী এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল তাঁর আইনজীবী জীবনের স্মৃতিচারণ করে বলেন, "কুষ্টিয়া বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাদ আহমদের সান্নিধ্যে থেকে আমি আইনি পেশার গভীর জ্ঞান ও দক্ষতা অর্জনের চেষ্টা করেছি। আমি আশা করি, যশোর বারেও এমন দক্ষ ও জ্ঞানতপস্বী আইনজীবী তৈরি হবেন। যারা তাদের মেধা ও পারদর্শিতার মাধ্যমে এই বারের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দেবেন।" তিনি যশোর বারের আইনজীবীদের মধ্যে বিদ্যমান নজিরবিহীন ঐক্য ও সুশৃঙ্খল পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
যশোরের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "দল-মত নির্বিশেষে আমাদের যশোরের স্বার্থে কাজ করতে হবে। যশোরের জন্য সিটি কর্পোরেশন এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। এছাড়া যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে।"
অধ্যাপক গোলাম রসুল তাঁর বক্তব্যে নৈতিক অবক্ষয়কে দেশের অগ্রগতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, "৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে অগণিত মানুষ রক্ত দিয়েছে মানুষের মুক্তি ও অধিকারের জন্য। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানোর মূল কারণ দুর্নীতি ও স্বজনপ্রীতি। ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে দুর্নীতিকে 'না' বলে দেশপ্রেম জাগ্রত করতে পারলেই একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।"
বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা অসংখ্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছি। আমি নিজেও প্রায় ৩৫-৩৬টি মামলার আসামি হয়ে বারবার আপনাদের (আইনজীবীদের) শরণাপন্ন হয়েছি। দল-মতের ঊর্ধ্বে উঠে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়েছেন, তা চিরস্মরণীয়।" তিনি আরও জানান, যশোরে প্রায় ১২৫০টি মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পক্ষে আইনজীবীদের সহানুভূতি ও ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশের ১ আসনের সাংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর ২ আসনের সাংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর ৬ আসনের সাংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাভোকেট নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী রবিউল ইসলাম, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাভোকেট আবু মোর্তজা ছোটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট অজিউর রহমান।
অনুষ্ঠানে নবাগত ৭৮ জন আইনজীবীকে ফুল, ক্রেস্ট ও বই দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ