প্রিন্ট এর তারিখঃ Jun 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 05 May 2026, 06:29 ইং
মাগুরা ও যশোরের ৩ যুবদল নেতাকে 'শো-কজ'

স্টাফ রিপোর্টার :
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাগুরা ও যশোর জেলার তিন শীর্ষ যুবদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সাম্প্রতিক সময়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাঁদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালান সংশ্লিষ্ট সংবাদ প্রকাশিত হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
নোটিশ প্রাপ্ত নেতারা হলেন:
১. অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল: সভাপতি, মাগুরা জেলা যুবদল।
২. আনসারুল হক রানা: সদস্য সচিব, যশোর জেলা যুবদল।
৩. শহীদুল ইসলাম শহীদ: যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদল, যশোর।
যুবদলের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ততার সংবাদে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্যন্ত বিব্রত ও ক্ষুব্ধ। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা ওই নোটিশে বলা হয়েছে, এ ধরনের নেতিবাচক সংবাদ সংগঠনের আদর্শিক অবস্থান ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করেছে।
নোটিশে অভিযুক্ত নেতাদের কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, সংগঠনের নাম ব্যবহার করে কোনো বেআইনি কাজ করার সুযোগ নেই। কেন তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা দিতে হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলার প্রশ্নে যুবদল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এই নোটিশের বিষয়ে অভিযুক্ত তিন নেতার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ