প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 02 May 2026, 14:13 ইং
শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে চার মাদকসেবীকে কারাদন্ড
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে মাদক সেবনের পর পরিবার ও প্রতিবেশীর শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে চার মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আলী হায়দারের ছেলে সোহেল আরমান (৩৭), একই গ্রামের মৃত মো. আলী খাঁর ছেলে আলমগীর হোসেন (২৯), তপন কুমার ঘোষের ছেলে দীপংকর কুমার ঘোষ (৩৮) ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল (৩০)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আমডাঙ্গা এলাকায় মাদক সেবনের পর মাতলামি করার অভিযোগে চারজন মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। এসময় তাদের কাছে পাওয়া গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর পরিবার ও প্রতিবেশীর শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক চারজন মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ