প্রিন্ট এর তারিখঃ May 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ 01 May 2026, 08:42 ইং
যশোরে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, পাঁচ সাবেক সংসদ সদস্য (এমপি), সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদার, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক এমপি রণজিৎ রায়, সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং সাবেক এমপি ইয়াকুব আলীকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার এবং সাবেক এমপিদের সন্তানদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় শহরের আজিজ সিটি রোড এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে প্রায় শতাধিক নেতাকর্মী সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। এজাহারে প্রথম ১৩ জনকে নিষিদ্ধ সংগঠনের ‘গডফাদার’ ও অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে যশোরের এই মিছিলের দুটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে জড়িতদের শনাক্ত করতে অভিযানে নামে পুলিশ। বুধবার রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সৈয়দ তৌফিক জাহান, শফিকুল ইসলাম সুজন, বাবলু শেখ, সোহান হোসেন, আনোয়ার হোসেন বাবু, মনিরুল ইসলাম, সুমন, ইমন এবং শাহাজাহান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলাটি করা হয়েছে। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ