
যশোরের শার্শা উপজেলার উলাশীতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ‘উলশী খাল’ (যা স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত) পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।
এর আগে, সকাল সোয়া ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি শার্শার উলাশীতে নির্ধারিত অনুষ্ঠানস্থলে গমন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যদনাথপুর খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। মূলত এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে এই খালটি খনন করা হয়। পরবর্তীতে এটি সাধারণ মানুষের কাছে ‘জিয়া খাল’ হিসেবে পরিচিতি লাভ করে।
শহীদ জিয়ার হাতে শুরু হওয়া এই ‘উলাশী-যদনাথপুর প্রকল্প’ এক সময় সারাদেশে গ্রাম উন্নয়নের মডেলে পরিণত হয়েছিল। মাঝপথে এই প্রকল্পের অনেক কার্যক্রম থমকে গেলেও বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে উলাশীতে আবারও নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয়রা।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের খালটি দ্রুত ও যথাযথভাবে খনন সম্পন্ন করার নির্দেশ দেন। এই খাল পুনঃখননের ফলে শার্শার বিস্তীর্ণ এলাকার কৃষকরা পুনরায় সেচ সুবিধা পাবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া মৎস্য চাষ ও পরিবেশের ভারসাম্য রক্ষাতেও এই খাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো শার্শা ও বেনাপোল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।