প্রিন্ট এর তারিখঃ Apr 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 April 2026, 03:39 ইং
ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই ইরানের: ইসমাইল বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফররত মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসার পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফরের মাধ্যমে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তবে বাঘাইয়ের এই মন্তব্য সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। তিনি বলেন, "ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা ইরানের নেই।"
মুখপাত্র জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। সফরকালে তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের সুনির্দিষ্ট অবস্থান ও বার্তা পাকিস্তানের কাছে তুলে ধরবেন।
বাঘাই তার পোস্টে উল্লেখ করেন, এই সফর মূলত ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ’ বন্ধ এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার একটি অংশ। তিনি স্পষ্ট করেন যে, ইরান শান্তি চায় তবে তা তাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বজায় রেখে।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান সরাসরি আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। কিন্তু ইরানের এই সর্বশেষ অবস্থান দুই দেশের মধ্যকার আলোচনার প্রক্রিয়া নিয়ে পুনরায় ধোঁয়াশা সৃষ্টি করল।
তথ্যসূত্র: আল-জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ