স্বপ্নভূমি ডেস্ক:
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সংহতি জানিয়ে এখন থেকে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী সপ্তাহ থেকেই নতুন এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করতে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য বলেন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে এ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখবেন। দ্রুততম সময়ের মধ্যেই বৈশ্বিক এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে এক দিন বৃহস্পতিবার সব একাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে জ্বালানি ব্যবহারের তথ্য তুলে ধরে জানান, সপ্তাহে অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব।
এ ছাড়া সভায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন উপস্থিত সদস্যরা।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, বহিঃসদস্য, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।