নিজেস্ব প্রতিনিধি:
যশোর জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট। আজ বুধবার জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বারের ৭৮ জন নবাগত আইনজীবীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বারের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত সততা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, শেখ আব্দুল মোহায়মেন, ইদ্রিস আলী ও কাজী ফরিদুল ইসলাম।
পেশাজীবী সংগঠনের নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ লতিফ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট এম এ গফুর।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবাগত ৭৮ জন আইনজীবীর হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। নবীন আইনজীবীরা তাদের পেশাগত জীবনের শুরুতে এমন আয়োজনের জন্য আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।