প্রিন্ট এর তারিখঃ Apr 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 April 2026, 06:45 ইং
সারা দেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রম চলবে টানা চার দিন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম দিনের বাংলা পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই পরীক্ষার চূড়ান্ত সূচি অনুমোদন করা হয়েছিল।
সাধারণ জেলাগুলোতে পরীক্ষার সূচি নিম্নরূপ:
১৫ এপ্রিল (বুধবার): বাংলা
১৬ এপ্রিল (বৃহস্পতিবার): ইংরেজি
১৭ এপ্রিল (শুক্রবার): প্রাথমিক গণিত
১৮ এপ্রিল (শনিবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান
প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।
পার্বত্য তিন জেলায় ব্যতিক্রম
ভৌগোলিক ও প্রশাসনিক কারণে দেশের তিন পার্বত্য জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই জেলাগুলোতে আজ পরীক্ষা শুরু হয়নি। পার্বত্য অঞ্চলের সূচি অনুযায়ী:
১৭ এপ্রিল: প্রাথমিক গণিত (পরীক্ষা শুরু)
১৮ এপ্রিল: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান
১৯ এপ্রিল: বাংলা
২০ এপ্রিল: ইংরেজি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সারাদেশে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ