প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 April 2026, 14:28 ইং
যশোরে দুই কিশোরকে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ দাবি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেট এলাকায় দুই কিশোরকে অপহরণ করে আটকে রেখে মারপিট এবং পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে যশোর কোতয়ালী মডেল থানায় আলাদা দুটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগ দায়ের করেছেন শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আবু তালেব এবং একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে সুমন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুম্মার নামাজ শেষে আবু তালেবের ছেলে জিহান এবং সুমনের ছেলে আব্দুর রহমান বাড়ির দিকে রওনা দেয়। পথিমধ্যে রেলগেট মডেল মসজিদের সামনে পৌঁছালে ছাদি, শান্ত ও আকাশসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন কিশোর তাদের গতিরোধ করে। এরপর একটি ইজিবাইকে করে জোরপূর্বক তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
অপহরণকারীরা ভুক্তভোগী দুই কিশোরকে রেলগেট পশ্চিম মাঠপাড়ার বিল্লাল নামের এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে আটকে রাখে এবং সেখানে তাদের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালায়।
পরিবার জানায়, নির্যাতনের একপর্যায়ে কিশোরদের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় অপহরণকারীরা। এরপর ওই মোবাইল ফোন ব্যবহার করেই তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এদিকে পরিবারের সদস্যরা সন্তানদের নিখোঁজ দেখে এলাকায় খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভুক্তভোগী পরিবারগুলো আজ শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ