প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 April 2026, 16:15 ইং
যশোর সদরে সাড়ে ৪ শ" ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ

স্বপ্নভূমি ডেস্ক :
উন্নত প্রযুক্তির মাধ্যমে অসচ্ছল কৃষকদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে । ইতিমধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছে । এজন্য সরকারকে ১৬ শ" কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অর্থনীতিকে চাঙ্গা রাখতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কথা বিবেচনা করে তেলের সংকট থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি করা হয়নি। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার ও বীজ পায় তার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৪ শ" কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) খান মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারেফ হোসেন , প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা ও সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন প্রমূখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন কৃষকদের ভাগ্যের মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তাই বর্তমান বিএনপি সরকারের সাথে কৃষকদের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।#
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ