প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 April 2026, 10:35 ইং
মনিরামপুরে ডিবি পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার :
যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ বিকাল আনুমানিক ৫টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল এসআই (নিঃ) শিবু মণ্ডলের নেতৃত্বে মনিরামপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উত্তরপাড়া সাকিনস্থ বাজারহাট টু চাপাকোনা বাজারগামী রাস্তার পাশে জনৈক মোঃ ফারুক মোল্লার ঘেরের উত্তর পাশে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ বাপ্পি শেখ (২৫) ও মোঃ রাব্বি হোসেন (২৫)।
পুলিশ জানায়, আটককৃত বাপ্পি শেখের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইভাবে রাব্বি হোসেনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ