প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 April 2026, 06:25 ইং
যশোরে বসতঘরে ঢুকে দুইজনকে ছুরিকাঘাত
নিজেস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার শহরের চাঁচড়া ইউনিয়নের রেলগেট পশ্চিম পাড়ায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে ঢুকে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত জখম করার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন—রকি (৩০), পিতা বাবু এবং শফিকুল ইসলাম (৪৪), পিতা আব্দুর রশিদ। তারা উভয়েই রেলগেট পশ্চিম পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। আহতদের মধ্যে রকির অবস্থা তুলনামূলক গুরুতর হলেও বর্তমানে উভয়েই আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরোধের জেরে শনিবার সকালে অভিযুক্ত ইমন (২৬) ও তানভীর (২০), পিতা তারেক, সাং ডাল মিল আদর্শ পাড়া, কোতোয়ালি থানা, যশোরসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সংঘবদ্ধভাবে ভিকটিমদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রকি ও শফিকুল ইসলামকে গুরুতর জখম করে।
হামলার সময় ভিকটিমদের পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতাল-এ নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ