প্রিন্ট এর তারিখঃ Apr 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 April 2026, 13:50 ইং
যশোরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ ১৯ লাখ ৭৪ হাজার টাকাসহ আটক ১

স্টাফ রিপোর্টার :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা সহ মোঃ জিয়াউর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অবস্থান নেন। এসময় জ্যাকেট পরিহিত এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, পরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
আটক জিয়াউর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ