প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ 09 April 2026, 12:51 ইং
ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, প্রাইভেট হাসপাতালে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে দুটি প্রাইভেট হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মডার্ণ ডায়াগনস্টিক অ্যাÐ কনসালটেশন সেন্টার সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আল-মদিনা নামে একটি প্রাইভেট হাসপাতালের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্তাবধানে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মডার্ণ ডায়াগনস্টিক অ্যাÐ কনসালটেশন সেন্টার কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। এছাড়া বিভিন্ন অব্যবস্থাপনার জন্য আল-মদিনা নামে একটি প্রাইভেট হাসপাতালের পরিচালক নাজমুল হুদাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে এ হামিদ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল পরিদর্শনে গেলে সেখানে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শোভন বিশ্বাস সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। বিভিন্ন অব্যবস্থাপনার কারণে একটি প্রাইভেট হাসপাতালের পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসেবায় কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযান অব্যাহত থাকবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ