প্রিন্ট এর তারিখঃ Apr 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 April 2026, 11:51 ইং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
যেসব আবেদনকারী তাদের প্রাথমিক আবেদন নিশ্চয়ন সম্পন্ন করেছেন, তারা আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে পারবেন।
এজন্য পরীক্ষার্থীদের ‘Applicant Login (Honours Login)’ অপশনে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর ব্যবহার করতে হবে। এছাড়া ‘Honours’ ট্যাবের ‘Admit Card Download’ অপশন থেকেও এটি সংগ্রহ করা যাবে।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
- উপস্থিতি: পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার দিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
- আসন বিন্যাস: পরীক্ষার অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র বা তাদের ওয়েবসাইট থেকে নিজ নিজ আসন বিন্যাস জেনে নিতে হবে।
- আবশ্যকীয় নথিপত্র: পরীক্ষার হলে প্রবেশপত্রের (Admit Card) পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সাথে রাখা বাধ্যতামূলক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশপত্রে উল্লিখিত সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ